জলপাইগুড়ি: রাজ্যে পালাবদল হতেই মাদক বিরোধী অভিযানে জোর তৎপরতা পুলিশের। বুধবার সকালে নিষিদ্ধ ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে ধরল কোতয়ালি থানার পুলিশ। ধৃতকে আদালতে তোলা হল এদিন।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান। শহরের নেতাজিপাড়া এলাকা থেকে বমাল গ্রেপ্তার এক মাদক পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার হল ১০২ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম রাজু পাসোয়ান। বাড়ি উত্তর দিনাজপুরে। মাদক কারবারিদের ‘ক্যারিয়ার’ হিসেবে ওই ব্যক্তি কাজ করত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। এদিন মাদক হাতবদলের আগেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেলা আদালতে তুলেছে পুলিশ। চলছে তদন্তও।









