Home / খবর / জেলায় জেলায় / ভোটগণনার দিন বদল স্কুলের সময়সূচি, জলপাইগুড়িতে দিবা বিভাগে ভোরে ক্লাস শুরু

ভোটগণনার দিন বদল স্কুলের সময়সূচি, জলপাইগুড়িতে দিবা বিভাগে ভোরে ক্লাস শুরু

ডিপিএসসি, জলপাইগুড়ি

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ভোট গণনার জের। দিবা বিভাগের স্কুল বদলে গেল প্রাত বিভাগে। সোমবার ভোট গণনার দিন দিবা বিভাগের প্রাথমিক স্কুলের পঠনপাঠন হবে সাতসকালে। এমনটাই নির্দেশ জারি করেছেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সচিব। এই মর্মে সংশ্লিষ্ট স্কুল গুলিকে জানানোর দায়িত্ব দেওয়া হল এসআই দের। শনিবার সন্ধ্যা থেকেই এ সংক্রান্ত নির্দেশ চলে যায় স্কুলের কাছে।

আগামী সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সকাল ৮ টা নাগাদ গণনা শুরু হলেও ওই দিন স্বাভাবিক নিয়মেই প্রাত বিভাগের সঙ্গে দিবা বিভাগের খুদে পড়ুয়াদেরও পঠনপাঠন চলবে বলে সংসদ সূত্রের খবর। তবে বদল হয়েছে সময়সূচিতে। প্রাত বিভাগের প্রাথমিক স্কুল গুলির পাশাপাশি দিবা বিভাগের স্কুল গুলিতেও সাতসকালেই পঠন পাঠনপাঠন শুরু হবে। সকাল ৬:৩০ মিনিট থেকে শুরু হয়ে স্কুল চলবে বেলা ১১ টা পর্যন্ত। জেলায় কমবেশি হাজার খানেক দিবা বিভাগের প্রাথমিক স্কুল রয়েছে। আগামীকাল রবিবার। এত কম সময়ে এই নির্দেশিকা আসায় শিশুদের জানানোর বিষয় নিয়ে সমস্যায় পড়ছেন একাংশ শিক্ষক শিক্ষিকা। তাদের কয়েকজনের কথায়, এই নোটিশ আজ স্কুল চলাকালীন এলে সমস্যা হত না। গ্রামীণ এলাকায় অনেক পড়ুয়ার অভিভাবকের মোবাইলে সবসময় যোগাযোগ করা যায় না। দূরবর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতেরও সমস্যা হবে। তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের জেলা সভাপতি দীপঙ্কর বিশ্বাস বলেন, “পড়ুয়াদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।”

ডিআই শ্যামলচন্দ্র রায়

ডিপিএসসির সচিব তথা ডিআই প্রাইমারি শ্যামলচন্দ্র রায় বলেন, “উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই এই পদক্ষেপ করা হল। দিবা বিভাগের শিশুদের পঠনপাঠনেরও কোনও ক্ষতি হল না। শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। এসআইদেরকে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে জানাতে বলা হয়েছে।’

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *