দুর্গাপুর: ইএসআই, পিএফ এবং ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা সোমবার ৪ নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। সগড়ভাঙা এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ইএসআই, পিএফ এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া, আবেদন করা এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই ফের আন্দোলনের পথে নামতে হয়েছে বলে দাবি তাঁদের।
সাফাই কর্মীদের বক্তব্য, প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁরা ন্যায্য শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বহু কর্মী এখনও ইএসআই ও পিএফের সুবিধা নিয়মিত পান না বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বিদ্যমান মজুরিতে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। তাই অবিলম্বে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং দীর্ঘক্ষণ বোরো অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। তাঁদের হুঁশিয়ারি, প্রশাসন দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।
অন্যদিকে, এই অভিযোগ ও দাবির বিষয়ে দুর্গাপুর নগর নিগমের কোনও প্রতিক্রিয়া সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি।









