Home / খবর / জেলায় জেলায় / বার্নপুরে ফের সেল আইএসপির বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল কাউন্সিলারের অফিস

বার্নপুরে ফের সেল আইএসপির বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল কাউন্সিলারের অফিস

বার্নপুর: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বেআইনি দখল ও নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক কড়াকড়ি আরও জোরদার হয়েছে। সেই আবহেই পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল বার্নপুরে ফের বুলডোজার অভিযান চালাল সেল আইএসপি (ইস্কো স্টিল প্ল্যান্ট) কর্তৃপক্ষ। এবার ভেঙে ফেলা হল আসানসোল পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়ের দলীয় কার্যালয়।
সোমবার সকালে বার্নপুর এলাকায় হঠাৎই বুলডোজার নিয়ে পৌঁছে যায় আইএসপি কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কাউন্সিলরের অফিস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হলেও বড় ধরনের উত্তেজনার খবর মেলেনি।
আইএসপি সূত্রে দাবি, সংস্থার জমিতে অনুমতি ছাড়াই ওই অফিস নির্মাণ করা হয়েছিল। বহুবার নোটিশ দিয়েও দখলমুক্ত করা হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকলেও বর্তমানে নিয়ম মেনে অবৈধ নির্মাণ সরানোর অভিযান চলছে।
অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায় জানান, সাধারণ মানুষের সমস্যার সমাধান ও জনস্বার্থে কাজ করার উদ্দেশ্যেই ওই কার্যালয় তৈরি করা হয়েছিল। তাঁর অভিযোগ, রবিবার বিকেল প্রায় ৫টা নাগাদ আইএসপি আধিকারিকরা এসে অফিস সরিয়ে নেওয়ার কথা বলেন। তিনি ৩ থেকে ৪ দিনের সময় চেয়েছিলেন যাতে ভিতরে থাকা প্রয়োজনীয় নথি ও সামগ্রী সরিয়ে নেওয়া যায়। কিন্তু তার আগেই সোমবার সকালে বুলডোজার চালিয়ে অফিস ভেঙে দেওয়া হয়।
তবে বিস্ময়করভাবে এই ঘটনায় প্রকাশ্যে কোনও ক্ষোভ দেখাননি কাঞ্চন মুখোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার সরকার উন্নয়নের স্বার্থে কোনও পদক্ষেপ নিলে আমি সরকারের পাশে আছি। সরকার বা আইএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই।”
আইএসপি কর্তৃপক্ষের বক্তব্য, সম্পূর্ণ নিয়ম মেনেই এই উচ্ছেদ অভিযান চলছে এবং সংস্থার জমি বেআইনি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বার্নপুরে একের পর এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুলডোজার চালানোর অভিযোগ উঠেছে। এর আগেও তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র-সহ একাধিক নেতার অফিস ভেঙে দেয় আইএসপি কর্তৃপক্ষ। ফলে শিল্পাঞ্চলে এই উচ্ছেদ অভিযান এখন রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *