Home / খবর / জেলায় জেলায় / শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ, আসানসোলে একাধিক ট্রেড ইউনিয়নের বিক্ষোভ, রাস্তা অবরোধ

শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ, আসানসোলে একাধিক ট্রেড ইউনিয়নের বিক্ষোভ, রাস্তা অবরোধ

আসানসোল: শ্রমিক বিরোধী ও কর্পোরেটমুখী নীতির অভিযোগ তুলে দেশ জুড়ে ট্রেড ইউনিয়নগুলি প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে সোমবার আসানসোলে পথে নামলেন একাধিক শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকেরা। এদিন আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে সেখান থেকে মিছিল করে পশ্চিম বর্ধমানে জেলাশাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা।
এদিনের কর্মসূচি থেকে চারটি শ্রম কোড অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এই শ্রম কোডগুলি শ্রমিকদের স্বার্থবিরোধী এবং কর্পোরেট ও মালিকপক্ষের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। একইসঙ্গে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিশ্চিত করা, বেকারদের আর্থিক সহায়তা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মসংস্থান পুনর্বহালের দাবিও তোলা হয়।
এই এআইসিটিইউর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আসানসোলে এদিন এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিক ও কৃষকের স্বার্থ রক্ষা এবং ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলেও সরব হন আন্দোলনকারীরা। তাদের দাবি, শ্রমিক-কৃষকের পাশাপাশি দেশের সাংস্কৃতিক পরিসরেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।
কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধেও এদিন স্লোগান উঠে। আন্দোলনকারীদের বক্তব্য, সাধারণ শ্রমিক, কৃষক ও মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এআইসিটিইউ সহ একাধিক শ্রমিক ও প্রতিবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এদিনের এই কর্মসূচি হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *