Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল

আসানসোলে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল

আসানসোল: খুন হওয়া কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
সোমবার বিকেলে আসানসোলের সেনরেল রোডের নব অনন্যা কমপ্লেক্সে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন অধীর। শোকপ্রকাশের পাশাপাশি পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি ও অন্যান্য স্থানীয় নেতারা।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী রাজ্যে ভোট মানেই “হিংসা, লুঠপাট ও রক্তপাত”—এই অভিযোগ তুলে সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন।
তিনি দাবি করেন, রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করা হচ্ছে। সাধারণ মানুষ ও নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আবেদনও জানান তিনি।
দেবদীপের মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি তোলেন তিনি।
অধীরের আরও অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করার চেষ্টা চলছে, যাতে অভিযুক্তদের শাস্তি কম হয়। যদিও কংগ্রেস জানিয়েছে, প্রয়োজনে এই মামলা উচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, ভগত সিং মোড় ও পাঁচপুলিয়া রেল টানেলের কাছে দু’দফায় হামলার পর নিজের আবাসনের সামনেও মারধর করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইতিমধ্যেই এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভোটের পরপরই এই খুনের ঘটনা আসানসোলের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। একদিকে শোকাহত পরিবার বিচার চাইছে, অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে ইস্যু করে শাসক দলকে চাপে রাখার চেষ্টা করছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *