পাণ্ডবেশ্বরে শুক্রবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। পুলিশের গাড়িতে করে দুই অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা। পুলিশের গাড়ি ঘিরে শুরু হয় তীব্র বিক্ষোভ, আর মুহূর্তের মধ্যেই গাড়ির দিকে উড়ে আসে একের পর এক ডিম। অভিযুক্তদের বিরুদ্ধে জনরোষ এমন পর্যায়ে পৌঁছায় যে গোটা এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের একটি মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযুক্ত বালি ব্যবসায়ী ও বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় বালি সংক্রান্ত বিভিন্ন বিতর্ক ও অভিযোগের কেন্দ্রে ছিলেন।
অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস, ভয় দেখানো, হুমকি এবং বোমাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে নরেন চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পেশায় স্কুল শিক্ষক নিতাই (নিতু) অধিকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বরের শ্যামলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ বলে জানা গেছে।
শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময়ই ক্ষোভ উগরে দেন স্থানীয় একাংশের মানুষ। পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের লক্ষ্য করেই এলোপাথাড়ি ডিম ছোঁড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যেই দুই ধৃতকে আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগ ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে বিচারাধীন।










