উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ভাঙড়: সরকার পরিবর্তনের পরেও ফের ভাঙড়ে পুলিশ আক্রান্তের অভিযোগ উঠল। রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত এক পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পোলেরহাট এলাকায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছিল। সেই সময় কর্তব্যরত এক পুলিশকর্মী তা করতে বারণ করেন। অভিযোগ, এরপরই কয়েক জন তাঁকে ঘিরে ধরে মারধর করে। হামলায় ওই পুলিশকর্মীর পোশাকও ছিঁড়ে যায় বলে অভিযোগ।
স্থানীয়দের সহায়তায় আহত পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর পুলিশের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন। তবুও ভাঙড়ে ফের পুলিশ আক্রান্তের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেও ভাঙড়ে অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছিল। সে সময়ও এক পুলিশকর্মীকে ঘিরে মারধর করা হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ফের একই ধরনের ঘটনার জেরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।










