Home / খবর / জেলায় জেলায় / বীরভূমের তারাপীঠ হোটেল অগ্নিকাণ্ডের পর রানিগঞ্জে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশের ও দমকলের অভিযান

বীরভূমের তারাপীঠ হোটেল অগ্নিকাণ্ডের পর রানিগঞ্জে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশের ও দমকলের অভিযান

আসানসোল: বীরভূমে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার আসানসোল উত্তর থানার উদ্যোগে শহরের বিভিন্ন হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শন অভিযান চালানো হয়। আসানসোল উত্তর থানার জুবিলি মোড় সংলগ্ন এলাকা এবং সেনরালে রোডের একাধিক হোটেলে পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা যৌথভাবে এই পরিদর্শন করেন।
এদিনের অভিযানে হোটেলগুলিতে অগ্নি নির্বাপণের জন্য কী ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, সেগুলি সঠিকভাবে কাজ করছে কি না এবং জরুরি পরিস্থিতিতে হোটেলের অতিথি ও কর্মীদের নিরাপদে বের করে আনার মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি হোটেলের বিভিন্ন অংশে অগ্নি নির্বাপক যন্ত্রের অবস্থান এবং সেগুলির কার্যকারিতাও পরীক্ষা করেন আধিকারিকরা।
পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। কোনও ধরনের অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়েও হোটেল কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হোটেলের মতো জনবহুল জায়গায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। হোটেল কর্তৃপক্ষকে নির্ধারিত অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলার পাশাপাশি সমস্ত অগ্নি নির্বাপক সরঞ্জাম সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বীরভূমের সাম্প্রতিক হোটেল অগ্নিকাণ্ডের পর রাজ্যের বিভিন্ন জায়গায় হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য জনবহুল প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের তৎপরতা বেড়েছে। সেই ধারাবাহিকতাতেই আসানসোলের বিভিন্ন হোটেলে এদিনের এই পরিদর্শন বলে জানা গেছে। আগামী দিনেও শহরের বিভিন্ন হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *