আসানসোল: আগামীকাল অনুষ্ঠিত হতে চলা নিট (স্নাতক) ২০২৬ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনে অস্থায়ী স্টপেজের ব্যবস্থা করার পাশাপাশি অন্ডাল–সাঁইথিয়া এবং জসিডিহি–দুমকা রুটে বিশেষ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, ২১ জুন ২২৩২১ হুল এক্সপ্রেস অন্ডাল থেকে সিউড়ি পর্যন্ত সমস্ত স্টেশনে অস্থায়ীভাবে থামবে। একই দিনে ০৫৫৭৩ সরাইগড়–দেওঘর বিশেষ ট্রেন বাঁকা থেকে দেওঘর পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে। এর ফলে নিট পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন।
বীরভূম জেলার পরীক্ষার্থী ও যাত্রীদের সুবিধার্থে ওই দিন ০৩৫৩৯/০৩৫৪০ অন্ডাল–সাঁইথিয়া বিশেষ মেমু চালানো হবে। আট কোচের এই ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে অন্ডাল থেকে ছাড়বে এবং কাজোরাগ্রাম, সিদুলি, উখড়া, পাণ্ডবেশ্বর, ভীমগড়া, পাঁচরা, দুবরাজপুর, চিনপাই, কাচুজোড়, সিউড়ি, কুনুরি ও মহিষাদহরী স্টেশনে থেমে দুপুর ১২টা ১৫ মিনিটে সাঁইথিয়ায় পৌঁছবে। ফেরার পথে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাঁইথিয়া থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে অন্ডালে পৌঁছবে।
অন্যদিকে ঝাড়খণ্ডের পরীক্ষার্থীদের জন্য ০৩৫৪১/০৩৫৪২ জসিডিহি–দুমকা বিশেষ মেমু চালানো হবে। ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে জসিডিহি থেকে ছেড়ে দেওঘর, মোহনপুর, সিরসা নুনথর হল্ট, ঘোরমারা, ধনপতডিহ, চন্দনপাহাড়ি, বাসুকিনাথ, জামা ও নতুন মদনপুর স্টেশনে থেমে সকাল ১১টা ১৫ মিনিটে দুমকায় পৌঁছবে। ফেরার পথে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুমকা থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে জসিডিহিতে পৌঁছবে।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিট (স্নাতক) ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াতের চাপ সামাল দিতে এবং তাদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিশ্চিত করতেই এই বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকদের আগাম পরিকল্পনা করে এই বিশেষ পরিষেবার সুবিধা গ্রহণের আবেদন জানিয়েছে।









