Home / খবর / জেলায় জেলায় / ১২ ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার বরাকরের নিখোঁজ যুবক, মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছিল ১ লক্ষ টাকা, দাবি পরিবারের

১২ ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার বরাকরের নিখোঁজ যুবক, মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছিল ১ লক্ষ টাকা, দাবি পরিবারের

বরাকর: আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরের চেকপোস্ট ডাকবাংলা এলাকার এক যুবকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত থেকে নিখোঁজ থাকা ২৩ বছরের যুবক জয়দেব সিংকে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে নিরাপদে উদ্ধার করল কুলটি থানার পুলিশ। পরিবারের দাবি, নিখোঁজের পর গভীর রাতে ফোন করে জয়দেব জানিয়েছিলেন, তাঁকে আটকে রেখে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জয়দেবের। গভীর রাত প্রায় তিনটে নাগাদ আচমকাই বাড়িতে ফোন আসে। অভিযোগ, ফোনে আতঙ্কিত গলায় জয়দেব জানান, এক অজ্ঞাত ব্যক্তি তাঁর কাছে এক লক্ষ টাকা দাবি করছে। এরপর আচমকাই ফোন কেটে যায়। পরিবারের সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করলেও আর ফোনে পাওয়া যায়নি যুবককে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে কুলটি থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পাওয়ার পর দ্রুত তৎপর হয়ে ওঠে পুলিশ। জয়দেবের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে শুরু হয় জোরদার অনুসন্ধান অভিযান।
মোবাইল ট্রেসিংয়ের সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় ঝাড়খণ্ডের চিরকুন্ডা এলাকার লয়োলা স্কুল সংলগ্ন একটি হোটেলের সামনে। সেখানে এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ নিশ্চিত হয়, তিনিই নিখোঁজ জয়দেব সিং। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে বরাকর ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়দেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেই তথ্য এখনই প্রকাশ্যে আনতে নারাজ পুলিশ। গোটা ঘটনার পেছনে অপহরণ, প্রতারণা নাকি অন্য কোনও চক্র জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মোবাইল কল রেকর্ড, ফরেন্সিক ট্রেসিং এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এসিপি (কুলটি) জাভেদ হোসেন এবং কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোক সিনহা। অভিযানে ছিলেন বরাকর ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক সহ পুলিশ আধিকারিকরা।
ছেলেকে দ্রুত উদ্ধার করতে পারায় কুলটি পুলিশের ভূয়সী প্রশংসা করেছে জয়দেবের পরিবার। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
ঘটনার পর সাধারণ মানুষকে সতর্কবার্তাও দিয়েছে পুলিশ। কোনও সন্দেহজনক ফোন কল, মুক্তিপণ দাবি বা হুমকি পেলে অবিলম্বে থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত কারও সঙ্গে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য ভাগ না করার আবেদন জানানো হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *