জলপাইগুড়ি: দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা সরকারি বাসের। দুর্ঘটনায় প্রাণ গেল জনাকয়েকের। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি-ময়নাগুড়ি জাতীয় সড়কের উল্লাডাবরি এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। প্রশাসনিক আধিকারিকেরাও যান ঘটনাস্থলে।
এদিন সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল। মাঝপথে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গতিতে এসে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনার অভিঘাতে হতচকিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। পরে, সবাই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। ময়নাগুড়ি থানার পুলিশও উদ্ধার কাজে হাত লাগায়। বাসটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর ৫ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। জখম ২৯ চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।










