Home / খবর / জেলায় জেলায় / রথযাত্রা উপলক্ষে পশ্চিম বর্ধমানের চার কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান, থাকছে হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষে পশ্চিম বর্ধমানের চার কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান, থাকছে হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা

আসানসোল: রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হল। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটিকেও এই অনুদান প্রদান করা হয়।
আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং অনুদানপ্রাপ্ত রথযাত্রা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পরে জেলাশাসক এস. পোন্নাবলাম জানান, পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনুদান প্রদান করা হয়। সেখানে রাজ্যের ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জেলার অনুদানপ্রাপ্ত কমিটিগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই জেলা স্তরের কর্মসূচির আয়োজন করা হয়।
জেলাশাসক আরও বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রথযাত্রা কমিটি এলাকায় একটি করে হেল্প ডেস্ক তৈরি করা হবে। সেখানে প্রশাসনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্বে থাকবেন। হেল্প ডেস্কে পানীয় জল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ রাখা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পান।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বান অনুযায়ী গাছ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা করে যেখানে বেশি মানুষের সমাগম হয়, সেই স্থানগুলিতেই হেল্প ডেস্ক স্থাপন করা হবে। যাতে ভক্ত ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করা যায়।
জেলাশাসক এস. পোন্নাবলাম জানান , অনুদানের জন্য কয়েকটি আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলির তদন্ত ও যাচাই সম্পন্ন হওয়ার পর রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। প্রশাসনের লক্ষ্য, রথযাত্রা উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *