অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: পেনশন পেতে দ্বিতীয়বার বিয়ে! তবে এ বিয়ে ছাদনা তলায় নয়, হল আইনি পদ্ধতিতে। বিধায়ক কোটার পেনশন পেতে এবারে নিজের বিবাহিত স্ত্রীকেই ফের একবার আইনসম্মত ভাবে, রেজিস্ট্রি করে বিয়ে করলেন রাজগঞ্জের তৃণমূলের চার বারের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়।
সামাজিক মতে ৫২ বছর আগে হলদিবাড়ির পশ্চিমপাড়ারনশিববাড়ি মোড়ের বাসিন্দা প্রতিমা রায়ের সঙ্গে বিয়ে হয় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তথা প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের।
প্রায় জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন তিনি। ২০০৯ সালে প্রথমবার বিধায়ক হন তিনি। এরপরে ২০১১, ২০১৬, ২০২১ সালেও রাজগঞ্জ থেকে বিধায়ক হন তিনি। দল এবারে তাকে টিকিট না দিয়ে প্রার্থী করে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণকে। হেরে যান স্নপ্ন। মসনদচ্যুত হয় তৃণমূলও। গত সপ্তাহে কোলকাতায় গিয়ে প্রাক্তন বিধায়ক কোটায় পেনশনের আবেদন করে এসেছিলেন তিনি। ফর্ম ফিলআপ করার ক্ষেত্রে বিয়ের আইনসঙ্গত কাগজ না থাকায় এবারে ফের রেজিস্ট্রি করতে হল তাকে। খগেশ্বর বলেন, “পেনশনের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এটির প্রয়োজন ছিল। তাই আবার নিজের স্ত্রীকেই বিয়ে করতে হল।” স্বভাবতই কিছুটা লাজুক দেখাল এই বর্ষীয়ান রাজনীতিবিদকে।










