রানিগঞ্জ: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং পশ্চিম বর্ধমান খাদ্য সুরক্ষা শাখার উদ্যোগে চলা ‘ফুড সেফটি অন হুইলস’ অভিযানের আওতায় রানিগঞ্জের তিলক রোড ও তার বাংলা এলাকায় দুটি চা পাতার দোকানে অভিযান চালানো হয়।
খাদ্য সুরক্ষা আধিকারিকদের কাছে অভিযোগ ছিল, ওই দোকানগুলিতে নির্ধারিত গুণমানের মানদণ্ড মেনে চলা হচ্ছে না এবং নিম্নমানের চা পাতা বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই দুটি দোকানে অভিযান চালিয়ে চা পাতার গুণমান পরীক্ষা করা হয়।
অভিযানের সময় প্রায় ২৫০ কেজি চা পাতা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি, কিছু চা পাতার নমুনা সংগ্রহ করে সঙ্গে নিয়ে যান আধিকারিকরা। সেই নমুনাগুলি পরীক্ষাগারে পাঠিয়ে গুণমান যাচাই করা হবে।
খাদ্য সুরক্ষা আধিকারিকরা জানান, খাদ্যপণ্যের গুণমান ও নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









