Home / খবর / জেলায় জেলায় / রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, দুর্গাপুরে ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, দুর্গাপুরে ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

দুর্গাপুর: শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ছিটানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, পুর ও নগরোন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং সাফাই কর্মীরা।
এদিন মন্ত্রী নিজে ঝাড়ু হাতে বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পাশাপাশি স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার বার্তা পৌঁছে দিতে দেখা যায় প্রশাসনের উদ্যোগ।
এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাস্তায় নোংরা ফেললেই জরিমানা দিতে হবে। তবে তার আগে সাধারণ মানুষকে সচেতন করার উপর জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, খুব শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু হবে, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই নম্বরে নাগরিকরা বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত প্রশাসনিক স্তরে তার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শহরকে পরিচ্ছন্ন ও সুসংগঠিত রাখতে প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই নিয়ম কতটা কার্যকর হয়, সেদিকেই নজর শহরবাসীর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *