দুর্গাপুর: ইস্পাত নগরী দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিল দুর্গাপুর নগর নিগম। অনুমোদিত নকশার বাইরে নির্মাণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি বাড়ির মালিককে ১৫ দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে নগর নিগম নিজস্ব উদ্যোগে অবৈধ অংশ ভেঙে দেবে এবং সেই খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকেই আদায় করা হবে।
নগর নিগম সূত্রে জানা গেছে, ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির এম কে ব্লকের একটি বাড়িতে অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণের অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত এবং শুনানি শেষে অভিযোগের সত্যতা মিললে গত ৩০ জুলাই আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়। সেই নোটিশে ১৫ দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অতীতে নিয়ম ভেঙে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু অবৈধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আগে জোড়া ইলিশ নিয়ে প্ল্যান পাস করানো হতো। রাজনৈতিক তোষণেই বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”
তিনি আরও বলেন, আইন বহির্ভূত কোনও নির্মাণই আর বরদাস্ত করা হবে না। প্রশাসন আইন মেনেই ব্যবস্থা নেবে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।
দুর্গাপুর নগর নিগমের এই পদক্ষেপের পর শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন নির্মাণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর শহরবাসীর।









