Home / খবর / জেলায় জেলায় / “জগন্নাথের রথের টানে, দুর্গা আসেন মর্ত্য পানে”, আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির খুঁটিপুজোয় উপস্থিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি

“জগন্নাথের রথের টানে, দুর্গা আসেন মর্ত্য পানে”, আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির খুঁটিপুজোয় উপস্থিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি

আসানসোল: “জগন্নাথের রথের টানে, দুর্গা আসেন মর্ত্য পানে”, ভক্তদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেবের রথের চাকা ঘুরতেই শুরু হয় মা দুর্গার আগমনের প্রতীক্ষা। সেই পুণ্য তিথিতে আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজোর খুঁটিপুজোর শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। খুঁটিপুজোর শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন এবং এই পবিত্র মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেন।
এবছর রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির শারদীয় দুর্গোৎসব ৬০তম বর্ষে পদার্পণ করল। এবারের পুজোর থিম, ‘ত্রিপুরান্তক ধামে গৌরী’।
উল্লেখ্য, একসময় এই ক্লাবের কর্ণধার ও সদস্য ছিলেন কৃষ্ণেন্দু মুখার্জি। সেই সময় তিনি বিভিন্ন বিশিষ্ট নেতা, মন্ত্রী ও চলচ্চিত্র জগতের তারকাদের এনে পুজোর উদ্বোধন করাতেন। আর আজ সময়ের পরিবর্তনে সেই ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজোর শুভ সূচনা করলেন তিনি নিজেই, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক হিসেবে।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল ৬০তম বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *