উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় এক ইটভাটা থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে দেউলি গ্রাম পঞ্চায়েতের পয়না এলাকার একটি ইটভাটার ঘর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
মৃতের নাম দুধকুমার সর্দার। তিনি জীবনতলার হরিণদা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সোমবার সকালে ইটভাটার একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান শ্রমিকরা। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তবে পরিবারের অভিযোগ, দুধকুমার সর্দারকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বিজেপির সক্রিয় সমর্থক ছিলেন এবং ভোটের সময় দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।
ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যে ইটভাটা থেকে দেহ উদ্ধার হয়েছে, তার মালিক শাহজাহান মোল্লা। স্থানীয় সূত্রের দাবি, তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ভাই। ২০২৬ সালের নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে পরাজিত তৃণমূল প্রার্থী ছিলেন শওকত মোল্লা।
বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, “দুধকুমার বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।”
যদিও এই ঘটনায় শওকত মোল্লার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।










