Home / খবর / রাজ্য / অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩ হাজার টাকা, সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রায় অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩ হাজার টাকা, সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রায় অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

ভোটের প্রচারপর্ব থেকেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের ভাতা বৃদ্ধি করে মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা ওই প্রকল্পে নীতিগত অনুমোদন দিল।

মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যাঁরা আগে এই সুবিধা পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই এই সংক্রান্ত পোর্টাল চালু করা হবে।”

মন্ত্রী আরও জানান, যাঁরা সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন অথবা ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন।

এদিন মন্ত্রিসভায় মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রকল্পেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না। স্বল্প দূরত্বের বাসযাত্রা হোক কিংবা দূরপাল্লার সরকারি বাস—সব ক্ষেত্রেই এই সুবিধা মিলবে।

তবে আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। বর্তমানে যে পরিকাঠামো রয়েছে, তা দিয়েই পরিষেবা চালানো হবে। পরে নতুন বাজেট পেশের পর কিছু বৈদ্যুতিক বাস কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *