Home / খবর / জেলায় জেলায় / ফের একটি ১২ ফুটের অজগর উদ্ধার রূপনারায়ণপুরে

ফের একটি ১২ ফুটের অজগর উদ্ধার রূপনারায়ণপুরে

রূপনারায়ণপুর : আরও একটি বিশালাকার অজগর উদ্ধার হল রূপনারায়ণপুর সংলগ্ন চিতলডাঙা থেকে। এই অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং লম্বায় প্রায় ১২ ফুট।

স্থানীয় হরেকৃষ্ণ মন্দির এলাকায় অজগরটিকে আজ, ১৭ নভেম্বর দেখা যায়। এরপরই সেখান থেকে স্থানীয় দুই যুবক দীপক এবং কুন্দন এটিকে উদ্ধার করেন।

জানা গেছে, অজগরটিকে ধরতে গিয়ে এক যুবক তার আক্রোশের শিকার হয়েছেন, তার হাতে কামড় পড়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য ওই যুবককে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ‌স্থানীয় বাসিন্দা বাবু বেনসিলির উঠোনে অজগরটিকে রাখা হলে বহু মানুষ তাকে দেখার জন্য জড়ো হন।

এ বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার বিশ্বজিৎ শিকদার বলেন, পাহাড়ি শুকনো এলাকা, তার সঙ্গে বালি ও পাথুরে অঞ্চলে অজগরের স্বাভাবিক দেখা মেলে। ছোটনাগপুর মালভূমির এই শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে অজগর আছে। ইদানিং অন্যান্য এলাকাতেও এই সাপটির অস্তিত্বের খোঁজ মিলছে।
মাইথন সংলগ্ন হদলা বাথানবাড়ী ইত্যাদি এলাকার গভীর জঙ্গলে এদের গতিবিধি মালুম হয়।

তবে লোকালয়ের মধ্যে এই সাপ চলে আসার কারণ খাদ্যশৃঙ্খলের অবনতি বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। জঙ্গল ক্রমশ ফাঁকা হচ্ছে, ফলে সেখানে তাদের খাদ্য ভান্ডারে টান পড়ছে। এই অবস্থায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে বন দফতরের অনুরোধ – কেউ যেন অযথা অজগর বা অন্য কোনও সাপ কিংবা বন্য জীবজন্তুদের নাগালে পেয়ে মেরে না ফেলেন। তারা জনসাধারণের কাছে আবেদন জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা ঘটলে বিশেষজ্ঞ ব্যক্তি কিংবা বন দপ্তরে যেন খবর দেওয়া হয়। আজকের ঘটনায় স্থানীয় মানুষের সচেতনতার জন্য বন বিভাগের তরফ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, দুদিন আগেই আছড়া হরি মন্দির এলাকা থেকে প্রায় দশ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বন বিভাগে দেওয়া হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *