ধানবাদ: ঝাড়খণ্ডের ধানবাদ কয়লাঞ্চলের কাতরাসের ছাতাবাদ এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। কয়েক মিনিটের মধ্যেই একটি বড় পুকুর হাজার হাজার লিটার জলসহ মাটির নিচে তলিয়ে যায়। এর পরপরই চারটি বাড়ি ধসে মাটির নিচে ঢুকে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা অবৈধ কয়লা খননের ফলে মাটির নিচে অসংখ্য অপরিকল্পিত সুড়ঙ্গ তৈরি হয়েছে। সেই ফাঁপা হয়ে যাওয়া মাটিই ধসে পড়ায় এই বিপর্যয় ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুকুরটি হঠাৎ করেই ঘূর্ণির মতো নিচে নামতে শুরু করে। এরপর মাটিতে বড় বড় ফাটল দেখা দেয় এবং একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হতে থাকে। ইতিমধ্যেই চারটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে। এছাড়া অন্তত ২৪টি বাড়িতে বড় ফাটল দেখা দিয়েছে, যেগুলি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র বের করার চেষ্টা করেন। তবে এরই মধ্যে কয়েকটি বাড়ি মাটির নিচে তলিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় অবাধে অবৈধ কয়লা উত্তোলন চলে আসছে। বিষয়টি নিয়ে বারবার বিসিসিএল (BCCL) কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, কয়লা চোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার ফলেই আজ এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, অবৈধ খননের কারণে যখন মানুষের জীবন ও সম্পত্তি চরম ঝুঁকির মুখে, তখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের দায়িত্ব কে নেবে? ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা এড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ করবে, সেই প্রশ্নও উঠছে।









