Home / খবর / জেলায় জেলায় / শওকত মোল্লার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

শওকত মোল্লার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: ভাঙড় বিস্ফোরণ মামলায় বর্তমানে জেলে থাকা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫ জুন জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। সে সময় তাঁর পাঁচ বছরের পুত্রকে কয়েক জন দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। সন্তানকে ফিরে পাওয়ার আশায় তিনি অভিযুক্তদের এক জনের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, ওই ব্যক্তি শওকত মোল্লার গাড়িচালকের দাদা এবং তাঁর ডেরায় ডেকে নিয়ে যাওয়া হয় মহিলাকে।

মহিলার অভিযোগ, সেখানে তাঁকে মারধর করে ধর্ষণ করা হয়। পাশাপাশি হুমকি দেওয়া হয়, ডাকা হলে হাজির না হলে আর সন্তানের খোঁজ পাওয়া যাবে না। অভিযোগ, ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখে তাঁকে দীর্ঘদিন ব্ল্যাকমেল করা হয় এবং সেগুলি ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়।

অভিযোগকারী গৃহবধূর আরও দাবি, ওই ব্যক্তির মাধ্যমেই তাঁকে শওকত মোল্লার ডেরায় পাঠানো হয়েছিল এবং সেখানে শওকত মোল্লাও তাঁকে ধর্ষণ করেন। ভয়, সামাজিক লজ্জা এবং হুমকির কারণে এতদিন তিনি মুখ খুলতে পারেননি বলেই অভিযোগকারিণীর দাবি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার বামুনিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু এবং বেশ কয়েক জন আহত হন। সেই মামলার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র একাধিক দল ভাঙড়ে তল্লাশি চালায়। প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি হয়। পরে কামালগাছি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনআইএ ওই বিস্ফোরণ মামলায় তাঁকে অন্যতম প্রধান সন্দেহভাজন বলে দাবি করেছে। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

অভিযোগকারী মহিলার দাবি, শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পরই তিনি থানায় অভিযোগ দায়ের করার সাহস পান। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবি জানিয়েছেন তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *