দুর্গাপুর: এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে রাজ্যের মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য অর্জন করল দুর্গাপুর। শহরের ভিড়িঙ্গি টিএন ইন্সটিটিউশনের ছাত্র অভিমন্যু সিং সম্ভাব্য মেধা তালিকায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল ও গোটা দুর্গাপুর জুড়ে।
দুর্গাপুরের হর্ষবর্ধন অ্যাভিনিউয়ের বাসিন্দা অভিমন্যু ছোট থেকেই মেধাবী ও অত্যন্ত পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত। তার বাবা দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্মী। পড়াশোনার পাশাপাশি লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলাই ছিল তার মূল মন্ত্র। ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে এই কৃতি ছাত্র।
ফল প্রকাশের পর অভিমন্যু জানায়, “আমি চিকিৎসক হতে চাই। সেই লক্ষ্য নিয়েই নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আগের পরীক্ষা বাতিল হলেও আবার পরীক্ষা হবে, তাই নতুন করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। সমাজে এখনও ভালো চিকিৎসকের খুব প্রয়োজন।
এত ভালো ফল হবে সত্যিই ভাবিনি। মেধা তালিকায় প্রথম দশে জায়গা পাব, সেটা কল্পনাও করিনি। তাই খুব ভালো লাগছে।”
জানা গিয়েছে, পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত অভিমন্যু পড়াশোনা করেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপিঠে। এরপর একাদশ শ্রেণিতে দুর্গাপুরের টিএন ইন্সটিটিউশনে ভর্তি হয়। কঠোর অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের পরামর্শই তার সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছে পরিবার।
ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত মা মিতালী সিং। তিনি বলেন, “রামকৃষ্ণদেব ও মা সারদার আশীর্বাদ ছাড়া এই ফল সম্ভব হতো না। মাধ্যমিকের সময় আশা ছিল ছেলে প্রথম দশে থাকবে, কিন্তু তখন হয়নি। এবার উচ্চমাধ্যমিকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা ভীষণ গর্বিত।”
তিনি আরও বলেন, “অভিমন্যু চিকিৎসক হতে চায়। আমরা সবসময় ওর পাশে আছি এবং ভবিষ্যতেও সবরকম সহযোগিতা করব।”
অভিমুন্যর এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষও। শিক্ষকদের কথায়, নিষ্ঠা, একাগ্রতা ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য যে ধরা দেয়, তারই উজ্জ্বল উদাহরণ অভিমুন্য সিং। দুর্গাপুরের এই কৃতি ছাত্রের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই।










