অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ভোটের আবহে মনীষীর জন্মদিন পালন শহরে। সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের জন্মজয়ন্তীতে শহরে সবুজায়নের উদ্যোগ পরিবেশপ্রেমীদের একাংশের। নগরায়নের ফলে শহরে বড় গাছ কমছে। পরিবেশ বাঁচাতে এই উদ্যোগ বলে জানান তারা। নিত্য কলেবর বাড়ছে শহরের। বাড়ছে নগরায়ন। সঙ্গে দোসর বৃক্ষচ্ছেদন ও দূষণ। শহরের পরিবেশ নির্মল রাখতে দীর্ঘসময় ধরে নানা কাজ করে চলেছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। এ দিন শহরের কর্মব্যস্ত স্টেশন রোডে চারাগাছ রোপণ করা হয়। কর্মসূচিতে হাজির ছিলেন দেবাশিস গুহ, লক্ষণ মণ্ডল, বিদেশী হেলা, নিমাই মণ্ডল-সহ সংস্থার সদস্যরা। এক খুদে পরিবেশ প্রেমী সুব্রত হেলাকেও দেখা গেল এই কর্মসূচিতে।

আয়োজকেদের দাবি, নতুন প্রজন্মের কিশোর-কিশোরীরাও সবুজায়নের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। এটা ভালো দিক বলে দাবি তাদের। দেবাশিষ গুহ বলেন, “এই এলাকায় কৃষ্ণচূড়ার চারা লাগিয়ে ঘেরা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা শুধুমাত্র বৃক্ষ রোপণেই সীমাবদ্ধ থাকিনা। লাগানো চারাগাছের নিয়মিত পরিচর্যা করা হয়। আজ বি. আর আম্বেদকরের জন্মদিনে, তাঁকে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।” পরিবেশ রক্ষায় জন সচেতনতা বাড়ানো সহ একাধিক কমসূচিও চলছে বলে দাবি আয়োজকেদের।
ছবি: বুবাই শীল










