অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: মঙ্গলবার বিকেলে ঘটা করে সমাপন হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের(RSS) প্রাথমিক বর্গের সমাপন অনুষ্ঠান। গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম শেষ হল এ দিন বিকেলে। বিশিষ্ট কার্যকর্তা হিসেবে হাজির ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাকেশ কুমার মণ্ডল ও মহারাজা অগ্রসেন হাসপাতালের সুপার বিশ্বপ্রতিম রুদ্র-সহ অনেকে। শহর লাগোয়া মোহিত নগর তারা প্রসাদ কলোনি হাইস্কুলে এই কার্যক্রমটি সম্পন্ন হয়।
পূর্বে যারা প্রারম্ভিক বর্গ করেছেন, তাদের থেকেই ৮০ জন স্বয়ংসেবক -শিক্ষার্থী এই শিবিরে যোগ দেন। ছিলেন ১৮ জন প্রশিক্ষকও। দেশকে আরাধ্যা দেবী হিসেবে শ্রদ্ধা জানিয়ে স্বয়ংসেবক শিক্ষার্থীদের অনুশাসন, আত্মত্যাগ, সমর্পণ ও প্রস্তুতির বার্তা দেন ড. রাকেশ কুমার মণ্ডল ও ডা. বিশ্বপ্রতিম রুদ্র-সহ বক্তারা। এর পাশাপাশি স্বয়ংসেবকদের মানসিক উত্তরণ, সেবা-ভাব, পরিবেশ রক্ষার কথাও বলেন তারা।


জলপাইগুড়ি জেলার বৌদ্ধিক প্রমূখ মন্টু রায় বলেন, “দেশের অখণ্ডতা রক্ষা করতে হিন্দুত্ববাদ ও রাষ্ট্রবাদকে শক্তিশালী করতে হবে। কোনও রাষ্ট্র বিরোধী শক্তি মাথাচাঁড়া দিলে সমাজ ও সঙ্ঘ এককাট্টা হয়ে মোকাবিলা করবে।”









