Home / খবর / রাজ্য / তফসিলি জাতি শংসাপত্রের নিয়ম শিথিলের পথে রাজ্য সরকার, কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

তফসিলি জাতি শংসাপত্রের নিয়ম শিথিলের পথে রাজ্য সরকার, কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোলফিল্ড টাইমস: তফসিলি জাতিভুক্তদের সরকারি পরিষেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে শংসাপত্র প্রদানের নিয়ম শিথিল করার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার নবান্নে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এই প্রস্তাবে সায় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই তালিকায় ঢুকতে না পারে, সেদিকে কড়া নজরদারির নির্দেশও দেন তিনি।

রাজ্য তফসিলি জাতি উন্নয়ন পর্ষদের উদ্যোগে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী যোগ‍্যশ্রী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ প্রচারের উপর জোর দেন।

মতুয়া মহাসঙ্ঘ নেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বৈঠকে মতুয়া উন্নয়ন বোর্ড পুনরায় চালুর আবেদন জানান। পাশাপাশি বাগদায় নির্মিত ড. বি.আর. আম্বেদকরের নামে ইংরেজি মাধ্যম স্কুলটি দ্রুত চালু করার অনুরোধও রাখেন তিনি। এ ছাড়া মালদহে দীর্ঘদিন ধরে বসবাসরত মতুয়া সম্প্রদায়ের মানুষদের জমির পাট্টা দেওয়ার বিষয়েও পদক্ষেপের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তফসিলি জাতিভুক্ত মানুষদের কল্যাণে আমাদের সরকার সিডিউল কাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে। ২০১০-১১ সালে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের বাজেট বরাদ্দ ছিল ১৬০ কোটি টাকা, যা ২০২৫-২৬ সালে বেড়ে হয়েছে ১,৭৬১ কোটি টাকা।”

তিনি আরও জানান, গত ১৪ বছরে ৯৯ লক্ষ ৯১ হাজারের বেশি তফসিলি জাতির শংসাপত্র এবং মোট ১ কোটি ৬৭ লক্ষের বেশি জাতিগত শংসাপত্র বিতরণ করা হয়েছে। আবেদন করার ৮ সপ্তাহের জায়গায় বর্তমানে ৪ সপ্তাহেই শংসাপত্র দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, শিক্ষাশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের ১ কোটি ৫ লক্ষের বেশি স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার পরিমাণ ৮১৪ কোটিরও বেশি। প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ বাবদ প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য ৩৪টি গার্লস হস্টেল, ১২টি বয়েজ হস্টেল, ২৮টি সেন্ট্রাল হস্টেল ও ৯৭টি আশ্রম হস্টেল চালু করা হয়েছে। মোট ৪ লক্ষ ৬৬ হাজার ছাত্রছাত্রী হস্টেল সুবিধা পেয়েছে, যেখানে ব্যয় হয়েছে ৩,৭৮৪ কোটি টাকা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *