সুমন দে
প্রায় দেড় দশক পর ফের রাজ্য প্রশাসনের কেন্দ্রবিন্দু হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী মহাকরণ। হাওড়ার নবান্ন থেকে রাজ্য সরকারের সচিবালয় সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হতেই জরুরি ভিত্তিতে মহাকরণের সংস্কারের কাজও শুরু করেছে পূর্ত দপ্তর। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকারের কাজকর্ম পরিচালনার উপযোগী করে তুলতেই ভবনের একাধিক অংশে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
বিশেষ করে মহাকরণের তৃতীয় তলার ভিভিআইপি ব্লকে নতুন মুখ্যমন্ত্রীর জন্য আলাদা দফতর তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে জোরকদমে চলছে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের তত্ত্বাবধানে ঘরের ইলেকট্রিক ওয়্যারিং বদলানো, নতুন এসি ও ফ্যান বসানো এবং মার্বেল পাথর লাগানোর কাজ চলছে। পাশাপাশি আধুনিক ইন্টিরিয়র ডিজাইনের মাধ্যমেও কক্ষটিকে নতুন রূপ দেওয়া হচ্ছে।
শুধু মুখ্যমন্ত্রীর দফতরই নয়, প্রশাসনিক কাজে সুবিধার জন্য ভবনের ভিতরে নতুন পরিকাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। সূত্রের খবর, তৃতীয় তলায় দ্রুত পৌঁছনোর জন্য ইতিমধ্যেই দু’টি নতুন লিফট বসানো হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে মহাকরণকে নতুন প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছে প্রশাসনিক মহল।









