Home / খবর / রাজ্য / ভোটার তালিকা থেকে মৃতদের নাম মুছতে কড়াকড়ি পদক্ষেপ, আধার তথ্য নিচ্ছে নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে মৃতদের নাম মুছতে কড়াকড়ি পদক্ষেপ, আধার তথ্য নিচ্ছে নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম সরাতে এবার আরও কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই মৃত নাগরিকদের আধার তথ্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের হাতে তুলে দিতে বলেছে কমিশন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন আধার দফতরের আধিকারিক শুভদীপ চৌধুরী।

বৈঠক শেষে শুভদীপ জানান, রাজ্যের প্রায় ৩৩ থেকে ৩৪ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১৩ লক্ষ মানুষ রয়েছেন যাঁদের আধার কার্ড নেই।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই তথ্যগুলো কাজে লাগানো হবে। যদি দেখা যায়, কোনও মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম জমা পড়েছে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)। প্রয়োজনে এলাকাভিত্তিক বুথ লেভেল অফিসারদের (বিএলও)ও হাজির করা হতে পারে।

কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল রাজ্যের ভোটার তালিকা থেকে মৃতদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া এবং ভোটার তথ্য আরও নির্ভুল করা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। বুধবার তার নবম দিন। বুথ স্তরের আধিকারিকরা ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে ফর্ম পূরণের নির্দেশ দিয়েছেন। পরে সেই তথ্য কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *