Home / খবর / রাজ্য / ১০০ দিনের কাজে কেন্দ্রের নয়া শর্ত ‘অসম্মানজনক’, কোচবিহারের সভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা

১০০ দিনের কাজে কেন্দ্রের নয়া শর্ত ‘অসম্মানজনক’, কোচবিহারের সভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা

কোচবিহার: কেন্দ্রের নতুন শ্রম কোড (Labour Code) এবং ১০০ দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে চাপানো নতুন শর্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার দু’দিনের কোচবিহার সফরে গিয়ে প্রকাশ্য জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো নাটকীয় ভঙ্গিতে সেই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে তাঁর অনমনীয় অবস্থান স্পষ্ট করে দেন।

কাগজ ছিঁড়ে অভিনব প্রতিবাদ

কেন্দ্রের নয়া শ্রম কোড রাজ্যে লাগু হবে না, এই কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এরপর রাজ্যের হাতে এই আইন সংক্রান্ত নথিপত্র এসে পৌঁছায়। সেখানে ১০০ দিনের কাজে বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু নতুন ‘শর্ত’ জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভা থেকে বলেন, “তিন, চারদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের।” এরপরেই তিনি হাতে থাকা সেই কাগজটি জনসমক্ষে ছিঁড়ে ফেলেন। তিনি স্পষ্ট করে দেন, “এটা কেন্দ্রের পাঠানো কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ। কিন্তু এই শর্ত অসম্মানজনক, তাই আমি ছিঁড়ে ফেলে দিলাম।”

বকেয়া ৫১ হাজার কোটির দাবি

কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী এই মঞ্চ থেকে ১০০ দিনের কাজের বকেয়া নিয়েও সরব হন। তিনি অভিযোগ করেন, “১০০ দিনের কাজে এখনও ৫১,৬১৭ কোটি টাকা আমরা পাইনি। তোমাদের দয়ার দরকার নেই, আমরা বিকল্প কাজ করতে জানি।” তিনি আরও বলেন, আগামীতে তাঁর সরকার রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে এই কাজ করার বিকল্প ব্যবস্থা করবে।

নতুন শ্রম কোড কী?

উল্লেখ্য, চলতি বছরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশের বিভিন্ন রাজ্যের ৪৪টি আলাদা আলাদা শ্রম আইনকে একত্রিত করে চারটি নতুন শ্রম কোড চালুর প্রস্তাব এনেছিল। নভেম্বর থেকে এই আইন কার্যকর হলেও, তা রাজ্যে লাগু করা হবে কি না, সেই সিদ্ধান্ত রাজ্য সরকারের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গ সরকার আগেই এই কোড মানতে অস্বীকার করেছিল। তবে এবার ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ার সঙ্গে এই কোডকে যুক্ত করে নতুন শর্ত চাপানোর অভিযোগ তুলে প্রতিবাদকে আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *