Home / খবর / রাজ্য / বাংলায় দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, বকেয়া নিয়ে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে

বাংলায় দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, বকেয়া নিয়ে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে

বাংলায় দ্রুত শুরু করতে হবে ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ বা ১০০ দিনের কাজ — শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় তিন বছর ধরে রাজ্যে বন্ধ এই প্রকল্প। রাজ্যের দাবি, কেন্দ্র অর্থ না দেওয়ায় কাজ বন্ধ রয়েছে।

হাইকোর্টের এই মামলার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি লড়াই গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের আগের রায় বহাল রেখে জানিয়েছিল, বাংলায় দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে।

শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালতের নির্দেশ, যত দ্রুত সম্ভব রাজ্যে মনরেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে। পাশাপাশি, কেন্দ্রকে রাজ্যের বকেয়া অর্থ সংক্রান্ত বিষয়ে নিজের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে হবে।

রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার পরিমাণ প্রায় ৪,৫৬৮ কোটি। সেই অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ চেয়ে রাজ্য নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছে। মামলার পরবর্তী শুনানি এক মাস পরে নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসে তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চও ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল। তবে কেন্দ্র সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। পরে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকে।

সর্বশেষে হাইকোর্ট ফের জানিয়ে দিল — আর দেরি নয়, বাংলায় দ্রুত মনরেগা প্রকল্প শুরু করতে হবে, আর কেন্দ্রকে বকেয়া অর্থের বিষয়ে জবাব দিতে হবে আদালতে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *