Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে বেআইনি দখলদার উচ্ছেদে কড়া বার্তা পুরনিগমের, হটন রোডে মাইকিং শুরু

আসানসোলে বেআইনি দখলদার উচ্ছেদে কড়া বার্তা পুরনিগমের, হটন রোডে মাইকিং শুরু

আসানসোল শহরের অন্যতম ব্যস্ত এলাকা হটন রোডে বেআইনি দখলদার উচ্ছেদে এবার কড়া অবস্থান নিতে চলেছে আসানসোল পুরনিগম। আগামী ১৬ মে শনিবার বিশেষ উচ্ছেদ অভিযানকে সামনে রেখে বুধবার থেকেই হটন রোড ও সংলগ্ন এলাকাজুড়ে মাইকিং শুরু করেছে পুরনিগম কর্তৃপক্ষ। রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা সমস্ত বেআইনি নির্মাণ অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইকিংয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ১৫ মে শুক্রবারের মধ্যে দোকানের সামনে তৈরি করা শেড, টিন, বাঁশের কাঠামো সহ সমস্ত অস্থায়ী নির্মাণ নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। অন্যথায় শনিবার পুরনিগম ও প্রশাসনের যৌথ অভিযানে সেগুলি ভেঙে ফেলা হবে।
এদিন সকাল থেকেই মাইকিং ঘিরে হটন রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু দোকানদারকে নিজেদের দোকানের সামনের বেআইনি অংশ খুলে ফেলতে দেখা যায়। কেউ টিনের চালা খুলছেন, কেউ আবার বাঁশের কাঠামো সরাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে পুরনিগম এবার কতটা কড়া পদক্ষেপ নেবে, তা নিয়ে ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে শনিবার সকাল ১১টা থেকে জিটি রোডের হটন রোড মোড় থেকে এসবি গড়াই রোডের ইসমাইল মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হবে। অভিযানে পুলিশ প্রশাসন সহ একাধিক দপ্তর অংশ নেবে। দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাথ দখল হয়ে যাওয়ায় যানজট সমস্যা তীব্র আকার নিয়েছে। সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ তৈরি হচ্ছে। সেই কারণেই রাস্তা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে পুরনিগম সূত্রে দাবি।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার হটন রোডে উচ্ছেদ অভিযানের ঘোষণা হলেও নানা কারণে তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। তবে এবার প্রশাসনের তৎপরতা ও আগাম প্রস্তুতি দেখে এলাকাবাসীর একাংশ মনে করছেন, এবার হয়তো সত্যিই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষ করে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক অবস্থান আরও কঠোর হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *