ছবি: রাজীব বসু
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জেতা আসনের নিরিখে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৭৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং আরও ৩২টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২০৮টি আসন দখলে আসতে পারে বিজেপির।
অন্যদিকে তৃণমূল অনেকটাই পিছিয়ে। তারা এখনও পর্যন্ত ৫৯টি আসনে জয় পেয়েছে এবং ২০টি আসনে এগিয়ে রয়েছে। ফলে মোট ৭৯টি আসন তৃণমূলের দখলে আসতে পারে বলে অনুমান।
বিজেপির প্রবল ঝড়ের মধ্যেও কংগ্রেস ২টি আসনে জয় পেয়েছে, তবে আর কোনও আসনে তারা এগিয়ে নেই। শূন্যের খরা কাটিয়ে বামফ্রন্ট ১টি আসনে জয় পেয়েছে, কিন্তু অন্য কোথাও এগিয়ে থাকতে পারেনি। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি ২টি আসনে জয়ী হয়েছে—নওদা ও রেজিনগর, যেখানে স্বয়ং হুমায়ুন কবীর জয় পেয়েছেন। আইএসএফ ১টি আসনে জয়ী হয়েছে এবং অন্য কোনও আসনে এগিয়ে নেই।
এখনও পর্যন্ত মোট ২২৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। রাজ্যে মোট ২৯৩টি আসনের ফল ঘোষিত হবে। শুধুমাত্র ফলতা কেন্দ্রে ২১ মে পুনরায় ভোট গ্রহণ করা হবে।










