দুর্গাপুর: রবিবার দুর্গাপুরের এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের কার্যালয়ে ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিইউসি)-র ৭৯তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি-র সভাপতি তথা এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের কার্যকরী সভাপতি সুভাষ সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মণিলাল সিনহা, দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটিইউসি-র সভাপতি রবীন চ্যাটার্জী, সংগঠনের সম্পাদক অজয় বাগদি, কানায় বসাক, সহ-সভাপতি স্বপন কুন্ডু, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সুভাষ সাহা বলেন, ১৯৪৭ সালের ৩ মে আইএনটিইউসি গঠিত হয় মহাত্মা গান্ধীর আদর্শ ও সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশনায়। সেই থেকে সংগঠনটি শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে চলেছে।
তিনি আরও বলেন, আইএনটিইউসি সবসময় শান্তিপূর্ণ ও গঠনমূলক পথে শ্রমিক সমস্যার সমাধানে বিশ্বাসী। শ্রমিক ও মালিকের পারস্পরিক সহযোগিতা, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে নিজ হাতে মিষ্টিমুখ করান সুভাষ সাহা।










