Home / খবর / রাজ্য / রাজ্যে আরও কমল গণনাকেন্দ্রের সংখ্যা, কমিশনের নয়া সিদ্ধান্ত

রাজ্যে আরও কমল গণনাকেন্দ্রের সংখ্যা, কমিশনের নয়া সিদ্ধান্ত

ভোটগণনার মাত্র কয়েক দিন আগে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ১০৮ থেকে কমিয়ে প্রথমে ৮৭ করা হলেও, বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর থেকে জানানো হয়েছে যে, আগামী ৪ মে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভোট গণনা হবে মাত্র ৭৭টি কেন্দ্রে। জেলা ধরে ধরে গণনাকেন্দ্রের তালিকা ও ঠিকানাও ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন।

রাজ্যের নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে দেখা যাচ্ছে, ২০১৬ সালে গণনাকেন্দ্র ছিল ৯০টি এবং ২০২১ সালে তা বাড়িয়ে করা হয়েছিল ১০৮টি। কিন্তু গত ১৭ এপ্রিল তা কমিয়ে ৮৭ করার পর বৃহস্পতিবার তা আরও কমিয়ে ৭৭ করা হলো। ভোটগণনার ঠিক আগে এই ধরনের পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, রাজ্যের সিইও মনোজ অগ্রবাল জানিয়েছেন যে পরিস্থিতি খতিয়ে দেখে গণনাকেন্দ্রের সংখ্যা ৭৭-এর থেকেও কমতে পারে।

জেলাওয়ারি গণনাকেন্দ্রের হিসাব অনুযায়ী, আলিপুরদুয়ারে ১টি, কোচবিহারে ৫টি, উত্তর ২৪ পরগনায় ৭টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৬টি কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। কলকাতায় ১১টি বিধানসভা আসনের ভোট গণনা হবে ৫টি কেন্দ্রে, যার মধ্যে রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের জন্য বিধাননগর কলেজ ও বারাসত গভর্নমেন্ট কলেজ-সহ মোট ৮টি কেন্দ্র এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের জন্য এপিসি রায় পলিটেকনিক কলেজ ও সুন্দরবন মহাবিদ্যালয়-সহ মোট ৬টি কেন্দ্র থেকে গণনা চলবে।

জলপাইগুড়ির গণনা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে। কালিম্পঙের একমাত্র আসনের জন্য স্কটিশ উইনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন এবং ঝাড়গ্রামের চারটি আসনের জন্য রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলকে নির্দিষ্ট করা হয়েছে। গণনাকেন্দ্রের সংখ্যা কমলে ভিড় ও নিরাপত্তা নিয়ন্ত্রণের সুবিধা হবে বলে কমিশন মনে করলেও, বিরোধী শিবিরের আইনজীবী ও রাজনৈতিক নেতারা এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। ৪ মে-র চূড়ান্ত লড়াইয়ের আগে এই প্রশাসনিক রদবদল রাজ্যের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *