আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাত জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে চলছে নির্বাচন। প্রথম দফায় নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়ায় কমিশন সন্তুষ্ট হলেও দ্বিতীয় দফায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া অবস্থানে নির্বাচন কমিশন। এ দফায় মোতায়েন করা হয়েছে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছেন ১৪২ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক। জেলা প্রশাসনের একাংশের মতে, দ্বিতীয় দফায় কমিশনের কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।
১৪২টি আসনের মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি এবং তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত রয়েছে একটি আসন। আয়তনে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো, আর সবচেয়ে বড় কল্যাণী।
এদিন সকালে সমাজমাধ্যমে পোস্ট করে ভোটারদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সকলকে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সমাজকে বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।










