আসানসোল ও দুর্গাপুর: সমস্ত জল্পনার অবসান শেষ। রাত পোহালেই বৃহস্পতিবার সকালে শুরু হবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। গোটা রাজ্যের ১৬ টি জেলার সবমিলিয়ে মোট ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে বৃহস্পতিবার। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভা কেন্দ্র আছে।গণতন্ত্রের সবচেয়ে বড় ভোট উৎসবকে ঘিরে আসানসোল ও দুর্গাপুরে বুধবার সকাল থেকেই তৎপরতা তুঙ্গে।জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমানে নয়টি বিধানসভার জন্য মোট তিনটি ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার হয়েছে। ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী ভোট কর্মীদের হাতে তুলে দিতে আসানসোলে হয়েছে দুটি ডিসিআরসি। একটি হয়েছে দুর্গাপুরে।আসানসোলের দুটি ডিসিআরসি হল আসানসোল ধাদকা পলিটেকনিক কলেজ এবং আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। বুধবার সকাল থেকেই আসানসোলের দুই ডিসিআরসিতে ভোটকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লাইনে দাঁড়িয়ে ইভিএম ভিভিপ্যাট সহ অন্যান্য ভোট কর্মীদের সংগ্রহ করতে দেখা যায়।ডিসিআরসিতে সেক্টর অফিসার ও অন্য অফিসারদের কড়া নজরদারিতে ভোট কর্মীরা তাদের সামগ্রী নির্দিষ্ট জায়গা থেকে নিচ্ছেন। সব কিছু নেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভোটকর্মীরা একে একে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছেন।জেলার তিনটি ডিসিআরসিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডিসিআরসি থেকে ভোটকর্মীদের বুথে পৌঁছে দিতে রাখা হয়েছে কয়েকশো বাস ও ছোট গাড়ি। ভোট কর্মীদের সঙ্গে বুথে যাবেন কেন্দ্রীয় বাহিনীও।পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী দপ্তর থেকে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই সমস্ত ভোটকর্মীকে তাদের নির্দিষ্ট বুথে পৌঁছে যেতে হবে। ইতিমধ্যেই এদিন সকালে দুর্গাপুরে ডিসিআরসি পরিদর্শন করেন জেলা নির্বাচনী অফিসার বা ডিইও এস পোন্নাবলম।ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।









