উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় , জয়নগর: রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে সোমবার জয়নগরে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি অভিনব প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। খাটিয়ায় গ্যাস সিলিন্ডার তুলে, তাতে মালা পরিয়ে এবং খই ছড়িয়ে শেষযাত্রার আবহ তৈরি করে এই কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জয়নগর বিধানসভার উদ্যোগে আয়োজিত এই মিছিল শুরু হয় জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদন থেকে। সেখান থেকে তালপুকুর মোড়, সিনেমাতলা, রথতলা পেরিয়ে মিছিল গিয়ে শেষ হয় জয়নগর থানার মোড়ে। কর্মসূচির নেতৃত্বে ছিলেন জয়নগরের বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস।
মিছিলে অংশ নেন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জেলা পরিষদ সদস্যা বন্দনা লস্কর, জয়নগর ১ নম্বর ব্লকের নেতৃত্ব তুহিন বিশ্বাস, জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াংকা মণ্ডল, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর-সহ দলের একাধিক নেতা-কর্মী। মিছিলে বহু মহিলা সমর্থকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
জয়নগর থানার মোড়ে মিছিল শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেন, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সমস্যার জেরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। সেই সঙ্গে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার ডাকও দেওয়া হয়।










