সালানপুর : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের দেন্দুয়ায় অবস্থিত এমএসপিএল কারখানার গেটের সামনে শুক্রবার সিআইটিইউ সালানপুর এরিয়া কমিটির উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশ থেকে শ্রমিক নেতারা স্পষ্ট জানিয়ে দেন, শ্রমিক সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিয়ে আর কোনও রকম আপস করা হবে না।
সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। প্রতিদিনের কাজের সময়সীমা ৮ ঘণ্টায় সীমাবদ্ধ করতে হবে। উৎসবের আগে শ্রমিকদের বোনাস প্রদান বাধ্যতামূলক করতে হবে। ন্যূনতম মাসিক বেতন ২১ হাজার টাকা নির্ধারণ করতে হবে। স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং কারখানায় শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এদিন বাম সংগঠনের শ্রমিক নেতারা দাবি করেন,এই অঞ্চলের বেশিরভাগ বেসরকারি কারখানায় সুরক্ষার চরম অভাব রয়েছে।বিশেষ করে এমএসপিএল সহ বেশ কয়েকটি কারখানায় প্রায় শ্রমিককে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করানো হচ্ছে। সুরক্ষার ঘাটতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, কখনও সেড ধসে শ্রমিকের মৃত্যু। কখনও শ্রমিকের আবাসনের উপর থেকে পড়ে সুরক্ষা অভাবে কর্মীর মৃত্যু। সুরক্ষা অভাবেই গলিত লোহা ছিটে শ্রমিকের দেহ পুড়ে যাওয়া। তারাদের আরো অভিযোগ, শাসক দলের কিছু নেতার মদতে সামান্য অর্থের বিনিময়ে এইসব দুর্ঘটনার তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে।
এই দিন সমাবেশে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র জেলা সভাপতি প্রবীর মণ্ডল,শ্রমিক নেতা অশোক ব্যানার্জী, সিএমএসআই সেক্রেটারি মনোজ দত্ত, শ্রমিক নেতা দেবানন্দ প্রসাদ ও সিএলডব্লিউ লেবার ইউনিয়নের সেক্রেটারি রাজীব গুপ্তা সহ আরও অনেকে।
এই সমাবেশ শেষে বাম শ্রমিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়,এই সব দাবি না মানা হলে আগামী দিনে শ্রমিকদের সঙ্গে নিয়ে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।










