Home / খবর / রাজ্য / ডিএ মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে, আবার কবে?

ডিএ মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে, আবার কবে?

screenshot 20250814 142714~2

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটি তালিকাভুক্ত ছিল ৯৭ নম্বরে। রাজ্যের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বলের সওয়াল করার কথা থাকলেও কপিল সিব্বল জানান, প্রস্তুতির জন্য আরও দু’দিন সময় প্রয়োজন। ফলে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হওয়ার সম্ভাবনা। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে হবে শুনানি।

এর আগে শীর্ষ আদালত রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে ছ’সপ্তাহ সময় দিয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে ডিএ দেওয়া সম্ভব হয়নি। রাজ্য আরও ছ’মাস সময় চাইলে ৪ থেকে ৭ অগস্ট পর্যন্ত প্রতিদিনই মামলার শুনানি চলেছে। ১২ অগস্টেও শুনানি পিছিয়েছিল কপিল সিব্বলের অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে।

মামলার সূত্রপাত কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে ডিএ প্রদানের দাবিকে ঘিরে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়ে জানায়, ডিএ কর্মীদের অধিকার। তবে রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। রাজ্যের দাবি, ডিএ বাধ্যতামূলক নয়, মৌলিক অধিকারও নয়। কেন্দ্র-রাজ্যের আর্থিক কাঠামো আলাদা, তাই একই হারে ডিএ দেওয়া সম্ভব নয়। পাশাপাশি আর্থিক সঙ্কটের কারণও তুলে ধরে রাজ্য।

অন্যদিকে, মামলাকারীদের যুক্তি, নির্দিষ্ট সময় অন্তর ডিএ প্রদান সরকারের নীতি অনুসারেই হওয়া উচিত। খেয়ালখুশি মতো তা দেওয়া যায় না। প্রয়োজনে কিস্তিতে হলেও বকেয়া ডিএ মেটাতে হবে। এই টানাপোড়েনের মধ্যেই ফের পিছোল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *