অবৈধ অনলাইন বেটিং অ্যাপ মামলায় টলিউডে নয়া নাম। ইডি সমন পাঠাল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। সূত্রের খবর, ওই অ্যাপগুলির প্রচারের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ইতিমধ্যেই মাসখানেক আগে বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডার মতো একাধিক নামী অভিনেতা ও নেটপ্রভাবী। এবার সেই তালিকায় অঙ্কুশ হাজরার নাম যুক্ত হতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে।
অভিযোগ, অ্যাপগুলির প্রচারের বিনিময়ে অভিনেতারা মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন। ইডি’র দাবি, বেআইনি পথে কয়েক কোটি টাকা রোজগার করেছে ওই অ্যাপগুলি। তদন্তকারীদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে সেই টাকা লেনদেন করা হয়েছে।
সূত্র অনুযায়ী, দুর্গাপুজোর আগেই অঙ্কুশ হাজরাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টলিউডে এই প্রথম কোনও তারকার নাম উঠে আসায় শিল্পী মহলে শুরু হয়েছে গুঞ্জন।










