Home / খবর / জেলায় জেলায় / ত্রিপাক্ষিক চুক্তি না মানার অভিযোগ, কাজ বন্ধ করে সালানপুরে বেসরকারি কারখানায় কর্মী বিক্ষোভ

ত্রিপাক্ষিক চুক্তি না মানার অভিযোগ, কাজ বন্ধ করে সালানপুরে বেসরকারি কারখানায় কর্মী বিক্ষোভ

সালানপুর: রাজ্য সরকার ঘোষিত ও ত্রিপাক্ষিক চুক্তি মতো নতুন ন্যূনতম মজুরি না দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের সালানপুরে দেন্দুয়া কল্যাণেশ্বরী শিল্পাঞ্চল। সালানপুরের বেসরকারি ইস্পাত উৎপাদনকারী সংস্থার কারখানা গেটের সামনে শনিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান কর্মীরা ।বিক্ষোভকারী কর্মীদের দাবি, সম্প্রতি রাজ্য সরকার, শ্রম বিভাগ এবং কর্মী সংগঠনগুলির ত্রিপাক্ষিক বৈঠকে শিল্পাঞ্চলের কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারিত হয়। চুক্তি অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৩৮৬ টাকা হওয়ার কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ চুক্তি না মেনে আগের নির্ধারিত ৩২৩ টাকা হারে মজুরি দিয়ে যাচ্ছে। বারবার বকেয়া ও বর্ধিত বেতনের দাবি জানানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি।শ্রমিক নেতা অমর নাথ মাহাতো এদিন বলেন, শিল্পাঞ্চলের মালিকদের সংগঠন চায় না যে শ্রমিকরা এই বর্ধিত বেতন পান। তাদের মতে, কোনও একটি কারখানা এই নিয়ম চালু করলে অঞ্চলের সমস্ত সংস্থাকেই নতুন বেতন কাঠামো মেনে নিতে হবে। এই আশঙ্কা থেকেই মালিকপক্ষ চুক্তি করা বেতন দিচ্ছে না। তবে তিনি বলেন, যতক্ষণ না শ্রমিকদের নায্য মজুরি দেওয়া হচ্ছে তারা গেটের সামনেই বসে বিক্ষোভ করবেন। এই কারখানা প্রতিনিয়ত শ্রমিকদের শোষণ করে চলেছে। তাদের ন্যূনতম সুরক্ষা দিতে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়।কারখানার কর্তৃপক্ষ বলে সুরক্ষার অভাবে মারা গেলে ১৪লক্ষ টাকা দেওয়া হবে। শ্রমিকের জীবনের দাম কি ১৪ লক্ষ। কারখানা মালিকেরা বড়বড় কথা ছাড়া কিছুই বলে না। তিনি বলেন, কিন্তু ন্যূনতম সুরক্ষা তারা শ্রমিকদের দেবে না। বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে একবার কথা বলতে আসেন কারখানা কর্তৃপক্ষ। তবে তাতে কোনও সমাধান হয়নি।এদিনের কর্মীদের আন্দোলন ও অভিযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *