দুর্গাপুর: স্বাধীনতা আন্দোলনের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (নগেন রায়)র বিরুদ্ধে কটূক্তি ও অপমানজনক মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদে সরব দুর্গাপুর ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটি। কংগ্রেসের অভিযোগ, গত কয়েকদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের একাধিক মন্তব্য বাঙালি, বাংলা তথা দেশবাসীর আবেগে আঘাত করেছে। এর প্রতিবাদে প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দুর্গাপুর থানায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা সভাপতি বলেন, বিজেপির রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তার গ্রেফতারের দাবিতে এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। দুর্গাপুর ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন।
তাঁর দাবি, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে অপমানজনক মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
রাজ্যসভার সাংসদকে গ্রেফতার করতে হবে। তা না করা হলে, কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে বলে এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে হুমকি দেওয়া হয়েছে।










