Home / খবর / রাজ্য / নেপালে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে, শিলিগুড়ি থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে

নেপালে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে, শিলিগুড়ি থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে আরও একটি বড় সাফল্য পেল পুলিশ। টুলুর ভাগ্নে শেখ ওয়াসিমকে শুক্রবার রাতে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর হেফাজতের আবেদন জানাবে বলে সূত্রের খবর।

তদন্তকারী সংস্থার দাবি, টুলু মণ্ডলের ব্যবসা এবং আর্থিক লেনদেনের সঙ্গে ওয়াসিমের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েক দিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, শিলিগুড়ি হয়ে নেপালে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে তার আগেই তাঁকে আটক করা হয়।

গত বুধবার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের মহম্মদবাজারের ডেউচা গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। পরদিন মিনারকে গ্রেপ্তার করা হয়। জেরায় তিনি দাবি করেন, টুলু মণ্ডল নিজের সম্পত্তি দেখভালের দায়িত্ব তাঁর উপর দিয়েছিলেন। এরপরই তদন্তে উঠে আসে শেখ ওয়াসিমের নাম।

শুক্রবার শিলিগুড়ি পুলিশ ওয়াসিমকে গ্রেপ্তার করে বীরভূম জেলা পুলিশের হাতে তুলে দেয়। তাঁকে প্রথমে রামপুরহাট থানায় রাখা হয় এবং পরে আদালতে পেশ করা হয়।

এদিকে মিনার মণ্ডলের সিউড়ি ও সোঁৎশালের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। যদিও সেখান থেকে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের পাথর ব্যবসায় কোনও আর্থিক অনিয়ম, সরকারি রাজস্ব ফাঁকি, ভয় দেখিয়ে টাকা আদায় বা জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৪০৯ (সরকারি সম্পত্তি আত্মসাৎ) এবং ১১১ (সিন্ডিকেট অপরাধ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ইতিমধ্যেই টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *