জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে ময়দান মার্কেট খালি করার প্রক্রিয়া শুরু হল। আগামী ২৬ অগস্টের মধ্যে মার্কেটের ৫২৮টি দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিস জারি করেছে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। পূর্ত দপ্তরকেও নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এটি কোনও উচ্ছেদ অভিযান নয়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নির্মাণকাজের জন্য ব্যবসায়ীদের সাময়িকভাবে অন্যত্র স্থানান্তর করা হবে। পরিকল্পনা অনুযায়ী, নতুন মেট্রো স্টেশনটি ময়দান মার্কেটের ঠিক নীচেই তৈরি হবে। সেই কারণেই নির্মাণকাজ শুরুর আগে পুরো এলাকা খালি করা প্রয়োজন।
সরকারি সূত্রের খবর, আপাতত কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ধাপে ধাপে ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে।
ময়দান মার্কেট সরানো নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী, প্রশাসন এবং প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। বিষয়টি রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছিল। তবে সাম্প্রতিক আলোচনার পর ব্যবসায়ীরা স্থানান্তরে সম্মত হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
ইতিমধ্যেই জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের ভিক্টোরিয়া স্টেশন অংশে কাজ শুরু হয়েছে। টানেল বোরিং মেশিন ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার এসপ্ল্যানেড স্টেশনের নির্মাণকাজও দ্রুত শুরু করতে তৎপর আরভিএনএল। প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যে ময়দান মার্কেট খালি হলে বহু প্রতীক্ষিত এই মেট্রো প্রকল্পের কাজ আরও দ্রুত এগোবে।










