উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবার ধর্ষণের ঘটনা, বারুইপুরের পর এবার জয়নগর। গ্রেফতার এক জনকে পাঠানো হলো আদালতে।আর এই ঘটনার প্রতিবাদে সোমবার দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ জয়নগরে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার দেখেছে বাংলা।রবিবার ফের ধর্ষণের ঘটনা ঘটলো সেই জেলায়। এবার নির্যাতিতা ৬৫ বছরের এক বৃদ্ধা।ঘটনাস্থল জয়নগর বিধানসভার বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়া এলাকার একটি কলাবাগান। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। রবিবারই এবিষয়ে বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে তদন্তে নেমে রবিবার রাতেই বকুলতলা থানার পুলিশ জয়নগর থানার শ্রীপুর পঞ্চায়েতের উওরপাড়া নিজ এলাকার বাড়ি থেকে সাফিউদ্দিন মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে।ধৃতকে সোমবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় বকুলতলা থানার পুলিশ ।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার ৬৫ বছরের এক বৃদ্ধা বাগানে মোচা কাটতে গিয়েছিলেন।সেখানে তাঁকে একা পেয়ে এলাকার এক যুবক তাঁর গলা এবং মুখ চেপে ধরে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অত্যাচারের জেরে অচৈতন্য হয়ে পড়েন ঐ বৃদ্ধা।
এদিকে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। সন্ধ্যায় বাগান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।প্রথমে তাকে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর।এরপর পরিবারের লোকজন বকুলতলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাফিউদ্দিন মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে দীর্ঘ ক্ষন ময়দা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন।বকুলতলা থানার ওসি শান্তুনু বিশ্বাস সহ পুলিশের টিম ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে স্থানীয় মানুষের কাছে এই ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় মানুষজন।আর এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুললো সাধারণ মানুষ।










