Home / খবর / জেলায় জেলায় / দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রূপনারায়ণপুর, বাদ পড়ল না কালীমন্দিরও, সোনা ও রূপার অলঙ্কার চুরি

দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রূপনারায়ণপুর, বাদ পড়ল না কালীমন্দিরও, সোনা ও রূপার অলঙ্কার চুরি

রূপনারায়ণপুর: এলাকায় লাগাতার চোরের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন আসানসোলের রূপনারায়ণপুরবাসীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো পবিত্র দেবস্থান বা মন্দিরও। মন্দিরের তালা ভেঙে চুরি হয়ে গেল মা কালীর বহু মূল্যবান সোনা ও রূপার অলঙ্কার। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির মালবহাল পঞ্চধাম মন্দিরে।
স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে মন্দির বন্ধ থাকার পরে রবিবার সকালে এক ভক্ত দেখতে পান মন্দিরের মূল দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে। তিনি বিষয়টি দ্রুত মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিকে জানান। খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন কমিটির কোষাধ্যক্ষ সুবোধ খাঁ।
ঘটনায় জানা গেছে, দুষ্কৃতিরা সুপরিকল্পিতভাবে মন্দিরে প্রবেশ করে মা কালীর অলঙ্কার নিয়ে চম্পট দেয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনা ও রূপার প্রায় ৭টি চেইন, রূপোর মুকুট, রূপোর খড়্গ , সোনার লকেট সহ বিভিন্ন মূল্যবান গয়না।
মন্দিরের কোষাধ্যক্ষ সুবোধ খাঁ ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি সকালে মন্দিরের দেখভাল করেন তিনি আমাকে চুরির বিষয়টি নিশ্চিত করেন। আমি এসে দেখি মায়ের গায়ে থাকা সমস্ত সোনা ও রূপার অলঙ্কার গায়েব হয়ে গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। পুলিশ পুরো এলাকা ঘুরে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পর পর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় নজরদারি অভাবের কারণেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। দ্রুত এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *