Home / খবর / জেলায় জেলায় / সিংঘারন নদী বাঁচাও আন্দোলনে উত্তাল জামুড়িয়া, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সমাধানের আশ্বাস

সিংঘারন নদী বাঁচাও আন্দোলনে উত্তাল জামুড়িয়া, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সমাধানের আশ্বাস

জামুড়িয়া:সিংঘারন নদীর অস্তিত্ব ও পরিবেশ রক্ষার দাবিতে শনিবার জামুড়িয়ার ভূত বাংলো এলাকায় একটি বেসরকারি কারখানার সিআরএম ইউনিটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ‘নদী বাঁচাও কমিটি’। নদী সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ দখলদারি উচ্ছেদের দাবিতে এই আন্দোলনে অংশ নেন এলাকার বহু মানুষ।
আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক বছরে সিংঘারন নদীর দু’পাশে ব্যাপক হারে অবৈধ দখলদারি ও নির্মাণ কাজ হয়েছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী বাঁচাও কমিটির দাবি, নদীর তীরবর্তী সমস্ত অবৈধ নির্মাণ দ্রুত উচ্ছেদ করে সিংঘারন নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
পাশাপাশি নদী দূষণ রোধে শিল্পাঞ্চল সংলগ্ন কারখানাগুলির বর্জ্য ব্যবস্থাপনার উপরও জোর দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, নদীতে যাতে কোনওভাবেই দূষিত বর্জ্য না মেশে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভ কর্মসূচির পর নদী বাঁচাও কমিটির প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে শোনা হয় এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।
তবে আশ্বাসে সন্তুষ্ট হলেও আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে নদী বাঁচাও কমিটি। ফলে সিংঘারন নদীকে ঘিরে পরিবেশ রক্ষার এই আন্দোলন আগামী দিনে আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *