Home / খবর / জেলায় জেলায় / হিমালয়ের দুর্গম সিসিকেএন শৃঙ্গ জয় করতে না পারলেও এক অনামী শৃঙ্গে বিজয় কেতন ওড়ালেন জলপাইগুড়ির পবর্তারোহীরা

হিমালয়ের দুর্গম সিসিকেএন শৃঙ্গ জয় করতে না পারলেও এক অনামী শৃঙ্গে বিজয় কেতন ওড়ালেন জলপাইগুড়ির পবর্তারোহীরা

জলপাইগুড়ি: হিমালয়ের পথে বাধা আবহাওয়া। এর জেরে এ যাত্রায় হিমালয়ের দুর্গম সিসিকেএন শৃঙ্গ জয় করা হল না জলপাইগুড়ির পবর্তারোহীদের। তবে, প্রতিকূল পরিস্থিতিতেও সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়ে ১৯ হাজার ফুট উচ্চতায় থাকা এক অনামী শৃঙ্গে বিজয় কেতন ওড়ালেন জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের অভিযাত্রীরা। ১৫ জুন তারা ফিরতে চলেছেন মানালিতে। সব ঠিক থাকলে, ২০ জুন তারা ফিরে আসবেন জলপাইগুড়িতে।এই অভিযানে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির দলনেতা ভাস্কর দাস, জনক কোচ, রাগেশ্রী বৈশ্য-সহ মোট নয়জন অভিযাত্রী ১ জুন জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করেন। দিল্লি, মানালি, কাজা ও লাংজা হয়ে ৭ জুন তাঁরা ১৬,৬০০ ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করেন। পরবর্তীতে ১৭,৬৫০ ফুট উচ্চতায় ক্যাম্প-১ এবং ১৮,৪০০ ফুট উচ্চতায় ক্যাম্প-২ স্থাপন করা হয়। ১১ জুন থেকেই আবহাওয়ার অবনতি শুরু হয়। ওই দিনই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ১৭,৬৫০ ফুট উচ্চতার প্রথম শিবির (ক্যাম্প-১) থেকে ১৮,৪০০ ফুট উচ্চতায় দ্বিতীয় শিবির (ক্যাম্প-২) স্থাপন করেন তারা। সেদিন রাত ১২টার পর থেকেই প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়ার দরুণ অভিযাত্রীদের তাঁবু প্রায় বরফের নিচে চাপা পড়ে যায়। পরদিনও আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় এবং তুষারধসের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় দলটি নিরাপত্তার স্বার্থে ক্যাম্প-১-এ ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁদের মূল শিবির (বেস ক্যাম্প)-এ ফিরে আসতে হয়। তবে অভিযান সেখানেই থেমে থাকেনি। ১৩ জুন আবহাওয়া কিছুটা অনুকূলে এলে দলনেতা ভাস্কর দাস বেস ক্যাম্প সংলগ্ন একটি অনামী শৃঙ্গ আরোহণের পরিকল্পনা গ্রহণ করেন। জনক কোচ, বিজয় চক্রবর্তী ও অমিত দাসকে নিয়ে গঠিত তিন সদস্যের একটি দল প্রায় ছয় ঘণ্টার কঠোর পরিশ্রম করে ১৯,০০০ ফুট উচ্চতার অনামী শৃঙ্গের চূড়ায় পৌঁছে বিজয় পতাকা উত্তোলন করেন। লাংজা থেকে দলনেতা ভাস্কর দাস জানিয়েছেন, এলাকায় এখনও আবহাওয়া প্রতিকূল রয়েছে। দলের সদস্যরা শারীরিক ভাবে ক্লান্ত হলেও মানসিক ভাবে সবাই সতেজ ও দৃঢ় রয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *