উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতির এক আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা কার্তিক সরদারকে। তিনি কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সরদারের কাকা-শ্বশুর বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলি ব্লকের জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর জালাবেড়িয়া গ্রামে কার্তিক সরদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে গাড়ি করে ত্রাণসামগ্রী আসতে দেখা যেত। কিন্তু এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি, সেই ত্রাণ পেতেন না। ফলে বহু মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ।
এদিকে বিজেপির কুলতলি বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী মাধবী মহলদার দাবি করেছেন, অভিযানের সময় সাধারণ মানুষের বিভিন্ন আবেদনপত্রও উদ্ধার হয়েছে, যেগুলি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির দপ্তরে থাকার কথা। পাশাপাশি পুলিশের পোশাকও উদ্ধার হয়েছে বলে তাঁর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ধৃত কার্তিক সরদারকে কুলতলি থানা বারুইপুর মহকুমা আদালতে পেশ করেছে। তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ত্রাণসামগ্রী, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।









